নিয়ামতপুর প্রতিনিধিঃ
পিকআপ দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত দড়ি উদ্ধার; পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে আরও ৫ জন।
নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত দড়ি ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য পাঁচ সদস্য পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল নিয়মিত চেকপোস্ট, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দেশীয় অস্ত্রে সজ্জিত আটজনের একটি ডাকাত দল পিকআপ নিয়ে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ১. নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০)। ২. বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির বাবু মিয়ার ছেলে (পালক পিতা বাচ্চু মিয়া) মো. সাগর। ৩. নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের আটটি মামলা, সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ পাঁচটি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
পলাতক পাঁচজনের নাম-ঠিকানা শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত