স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরভানুডাঙ্গা গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার মৃত আয়াজ উদ্দিনের পুত্র বাদশা মিয়া (৪০) বাদি হয়ে কাজিপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় চরভানুডাঙ্গা গ্রামের মজনু, জয়নাল, গোলাম রব্বানী, সেলিম রেজা, সন্তেষ খা ও জয়ফুল খাতুনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ ও বাদীপক্ষের দাবি অনুযায়ী, গতকাল (১৭ ই নভেম্বর ) মঙ্গলবার বাদশা মিয়া নিজের দখলীয় জমিতে চাষ করতে গেলে তার বৈমাত্রেয় ভাই মজনুসহ অন্যান্য আসামিরা বাধা দেন। একপর্যায়ে কথা-কাটাকাটির পর বাদশা মিয়া ও তাঁর ছেলে রাকিব খানকে মারধর করা হয়। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এছাড়া যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, ধান ও পাওয়ার টিলার নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে আরজিতে।
আজ বুধবার (১৮ ই নভেম্বর) দুপুরে মামলার বাদী বাদশা মিয়া দাবি করেন, মামলা তুলে নিতে আসামিরা তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে ১০৭ ধারায় আরেকটি অভিযোগ করেছেন এবং বর্তমানে পরিবার নিয়ে বাড়িছাড়া রয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী মজনু মিয়া জানান, “আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। আমাদের হয়রানি করতেই এ মিথ্যা মামলা করা হয়েছে।”
এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের নির্দেশ পেলে বা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত