আন্তর্জাতিক ডেস্কঃ
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালীসংলগ্ন এলাকা থেকে নিজেদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী। এর ফলে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথের ওপর ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হয়েছে।
বাব এল-মান্দেবের কাছ থেকে সরকারি বাহিনীর সরে যাওয়ায় বৈশ্বিক নৌপরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে হুতিদের প্রভাব ও দর-কষাকষির সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে। একই সময়ে আরব উপদ্বীপের অপর প্রান্তে হরমুজ প্রণালীতে ইরানের কারণে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাণিজ্যের ওপর নতুন করে চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
দুই গুরুত্বপূর্ণ নৌপথে এ ধরনের চাপের কারণে উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলো আন্তর্জাতিক নৌবাণিজ্যের প্রধান রুটগুলো থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
বাব এল-মান্দেব প্রণালী বৈশ্বিক পণ্য ও কাঁচামাল পরিবহনের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশেষ করে মিশরের সুয়েজ খাল হয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই জলপথের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দক্ষিণ ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, রাজধানী সানা ও দেশটির সবচেয়ে জনবহুল উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুতিরা সরকারের নিয়ন্ত্রণাধীন দক্ষিণাঞ্চলে চাপ বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে নিজেদের সেনাদের সরকারের বর্তমান কেন্দ্র এডেনের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে।
দক্ষিণ ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘সাউদার্ন আর্মড ফোর্সেস তাইজ প্রশাসনিক অঞ্চলের পশ্চিমে অবস্থিত ধুবাব বিমানবন্দর এবং মান্দেব সংলগ্ন এলাকা থেকে তাদের বাহিনী পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইয়েমেন সরকারের রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সম্মুখসারির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং বিদ্যমান হুমকিগুলো মোকাবিলা করার অগ্রাধিকারের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
হুতি বিদ্রোহীদের কাছ থেকে কৌশলগত উপকূলীয় এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে গত অক্টোবর মাসে সামরিক অভিযান শুরু করেছিল সরকারি বাহিনী। এর আগে সেপ্টেম্বরে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ দিকে অগ্রসর হয় হুতিরা। ওই দ্রুত অভিযানের মাধ্যমে তারা বাব এল-মান্দেব প্রণালীর উপকূলের কাছাকাছি পৌঁছে যায়।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া সংঘাত এখন ইরানের বিরুদ্ধে চলমান বৃহত্তর মার্কিন-ইসরায়েলি যুদ্ধের আরেকটি অস্থিতিশীল রণক্ষেত্রে পরিণত হয়েছে। হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে, ইরান যুদ্ধের শুরুর দিকে প্রায় নয় মাস সৌদি আরব তুলনামূলক শান্ত থাকলেও হুতিদের সাম্প্রতিক হামলায় দেশটির বিমান চলাচল ও তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সৌদি বন্দর, বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে হুতিরা। এসব স্থাপনার মধ্যে লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুও রয়েছে।
জবাবে সৌদি আরবও ইয়েমেনে হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের সরকারকে ক্ষমতাচ্যুত করে দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়ার পর থেকেই দেশটি ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধের কারণে দারিদ্র্যপীড়িত দেশটিতে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নেয় এবং দেখা দেয় দুর্ভিক্ষ।
এদিকে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের আশপাশে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। এতে শহরটির মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। সাম্প্রতিক সংঘাতে ইয়েমেনজুড়ে বাস্তুচ্যুত হওয়া তিন লাখ মানুষের প্রায় অর্ধেকই বর্তমানে অবরুদ্ধ তাইজ শহরে আশ্রয় নিয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত