নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১৪ নভেম্বর রাত ১টার মধ্যে কামারগাঁও গ্রামে বাদীর বসতবাড়ির পেছনে কান্দা ফসলি জমিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
মামলার আসামিরা হলেন একই গ্রামের মো. শুভ (২৪), পিতা বদরুজ্জামান, মো. নূরে আলম (৩৩), পিতা মো. মোখলেছুর রহমান এবং শাহ আলম (২৮), পিতা মো. ফজলুর রহমান।
ভুক্তভোগীর বাবা জুলহাস মিয়ার অভিযোগ, তাঁর মেয়ের সঙ্গে অভিযুক্ত শুভর প্রায় পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির পাশের হাওরে শুভসহ অপর দুই অভিযুক্ত ধর্ষণ করেন। এ ঘটনায় পর্নোগ্রাফি-সংক্রান্ত অপরাধের অভিযোগও আনা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর রাত ১২টা ৪৫ মিনিটে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ও ৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৭) ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর ১৯/১৫/২০২৬।
এদিকে, মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর বাবা।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত