বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করা, হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং হজ ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এই বৈঠক হয়।
বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রী পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের প্রতি অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশেষ করে, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত হজ কোটা পূরণে ব্যর্থ হলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে তিনি ইতিবাচক আশ্বাস প্রদান করেন।
সৌদি মন্ত্রী বলেন, “বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।” হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও প্রকাশ করেন তিনি।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত