গোপালগঞ্জ প্রতিনিধিঃ
“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রিহাব ইনাম, ডায়াবেটিক সমিতি হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব মো. মোশাররফ হোসেন এবং ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য জাকির হোসেন উকিল।
হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ডা. অসিত মল্লিক, ডা. আরিফুর রহমান, আব্দুল মান্নান, আল-আমীন চৌধুরী, সাইফুল ইসলাম, আলীউজ্জামান মিন্টু, ফারজানা ইসলাম তন্বীসহ আরও অনেকে।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলাম।
বক্তারা বলেন, পরিবর্তনশীল জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং শারীরিক পরিশ্রমের অভাবে দেশে ডায়াবেটিসের ঝুঁকি ক্রমেই বাড়ছে। ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ। তাই এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো শনাক্তকরণ অত্যন্ত জরুরি।
তাঁরা আরও বলেন, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটাচলা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষ করে ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা প্রয়োজন।
বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিবার, সমাজ এবং সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা সভা সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত