আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। পাশাপাশি বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মুখোমুখি বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সমর্থকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রাহুল। এ সময় নিজের মুঠোফোন উঁচিয়ে ধরে তিনি আড়িপাতার অভিযোগ করেন।
রাহুল গান্ধী বলেন, ‘প্রমাণ এই ফোনেই আছে এবং প্রধানমন্ত্রী তা জানেন, কারণ তিনি আমার ফোনে আড়িপাতেন।’ তবে সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে নিজের অভিযোগের পক্ষে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ তুলে ধরেননি তিনি।
কংগ্রেসের এই নেতা বলেন, সরাসরি বিতর্কের মাধ্যমেই স্পষ্ট হবে কারা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছে এবং কারা দেশবিরোধী। শুক্রবারের বক্তব্যের মধ্য দিয়ে গত ১২ দিনে সপ্তমবারের মতো প্রকাশ্যে নরেন্দ্র মোদিকে বিতর্কে বসার আহ্বান জানালেন রাহুল। নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনার দাবি জানিয়ে আসছেন তিনি।
এর আগেও একাধিকবার ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। তাঁর দাবি ছিল, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয় সংস্থাগুলো তাঁর এবং আরও অনেক রাজনীতিবিদের ফোনে নজরদারি চালাচ্ছে। ২০২৩ সালে তিনি অভিযোগ করেন, তাঁর ফোনে পেগাসাস স্পাইওয়্যার রয়েছে। এ সময় গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে ফোনে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন বলেও জানান তিনি। তবে ভারতের কেন্দ্রীয় সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
অন্যদিকে, রাহুলের বিতর্কের আহ্বান একাধিকবার প্রত্যাখ্যান করেছেন বিজেপির শীর্ষ নেতারা। তাঁদের অভিযোগ, সংসদে গঠনমূলক আলোচনা এড়িয়ে চলেন রাহুল। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এর আগে প্রশ্ন তুলেছিলেন, আলোচনা করার জন্য সংসদ কার্যকর থাকা সত্ত্বেও কেন রাহুল অন্য কোনো স্থানে বিতর্কের দাবি জানাচ্ছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত