আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে অংশ নেওয়ার আগেই নিজের ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন নরওয়ের সাংবাদিক হেলে লিং। সম্মেলনে গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় প্যানেলিস্ট ও বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। এর আগে নরওয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসেন এই সাংবাদিক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিওবার্তায় হেলে লিং জানান, ভারত সফরের জন্য তার ভিসা ইস্যু করা হয়েছিল। সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে তার রওনা হওয়ার কথা ছিল। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ তার ভিসা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্ন করে আলোচনায় আসেন হেলে লিং। সেখানে তিনি মোদিকে জানতে চান, বিশ্বের সবচেয়ে মুক্ত সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে তিনি কেন আগ্রহী নন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করে হেলে লিং বলেন, রাজনৈতিক নেতাদের প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্ব।
এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সিবি জর্জের একটি সংবাদ ব্রিফিংয়েও উত্তেজনা তৈরি হয়। সেখানে হেলে লিং একাধিকবার ভারতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের বিশ্বাস করব কেন?’
এরপর ভারত সামিটে অংশ নেওয়ার আগেই ভিসা বাতিলের অভিযোগ তোলেন নরওয়ের এই সাংবাদিক। তবে তার অভিযোগের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত