স্টাফ রিপোর্টারঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত নাশকতার পরিকল্পনা, অগ্নিসংযোগ এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন করে কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা ও দেশের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা রাজপথে রয়েছেন। প্রয়োজনে জীবন দিয়ে হলেও এসব অপশক্তির নাশকতা ও অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন তাপস, সদস্য সচিব মনিরুজ্জামান মানিক,জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম,পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান,সাধারণ সম্পাদক রাজু করিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত