নিজস্ব প্রতিবেদকঃ
মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পরবর্তীতে ওই অঞ্চলের অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ শুরু করেন।
সংঘর্ষে আশুলিয়ার স্টারলিং স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম এবং তিন জন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়।
পরবর্তীতে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা এনভয় ও স্টারলিং কারখানার সামনে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেডইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে এসেছিলেন। কিন্তু কারখানা বন্ধ দেখে বিক্ষোভ করলে পুলিশ তাদের বাধা দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে।
অন্যদিকে, শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করার পাশাপাশি এনভয় ও স্টারলিং কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই টিয়ারশেল ব্যবহার করে। পোশাক শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত