সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারীরিক প্রতিবন্ধী তিন শিশুর মধ্যে তিনটি হুইলচেয়ার এবং ছয়টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনা মূল্যে ছয়টি গাভি (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক)-এর উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়। সুকের নিজস্ব অর্থায়নে তিন শারীরিক প্রতিবন্ধী শিশুর হাতে তিনটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং সুকের সার্বিক সহযোগিতায় ছয়টি হতদরিদ্র পরিবারের মধ্যে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন কেন্দ্রের (সুক) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মমিন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইকবাল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ সমাজ উন্নয়ন কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হুইলচেয়ার বিতরণের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের চলাচল সহজ হবে। অন্যদিকে বকনা বাছুর পেয়ে হতদরিদ্র পরিবারগুলো পশু পালন ও ভবিষ্যতে আয় বৃদ্ধির সুযোগ পাবে। এর মাধ্যমে পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
প্রতিবন্ধী, হতদরিদ্র, অসহায় ও নির্যাতিত মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত