ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘর ভাংচুর করে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় জনতা । রোববার (১লা নভেম্বর) সকালে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২ রা নভেম্বর) সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উল্লেখিত ঘটনায় কয়েকশত নারী-পুরুষ একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে তার বসতঘরটি ভেঙ্গে দেন । তাইজুল ইসলাম জামায়াতে ইসলামীর একজন নেতা। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা ঝড় ওঠে, ক্ষোভের সঞ্চার হয় স্থানীয়দের মাঝে। তাদের অভিযোগ, এ ধরনের কর্মকান্ডের কারণে গ্রামের সম্মানহানি হয়েছে। স্থানীয়দের ক্ষোভ শেষ পর্যন্ত রুপ নিলো জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘর ভেঙ্গে- গুঁড়িয়ে দেয়ার মধ্য দিয়ে। তবে এ ঘটনায় বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরুপন করা যায়নি। এর আগে গত ২৭ শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকান্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। তারা তদন্ত করে এর সত্যতা যাচাই-বাছাই করছেন এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে, তাইজুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোষ্টে দাবি করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তার স্ত্রী। এতদসংক্রান্ত বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বসতঘর ভাংচুরের বিষয়ে তাদের নজরে এসেছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত