বিনোদন ডেস্কঃ
বলিউডে গ্যাংস্টার ড্রামা ও অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা নির্মাণের জন্য পরিচিত নির্মাতা সঞ্জয় গুপ্ত মারা গেছেন। মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রাতে বাথরুমে পড়ে মাথায় আঘাত পান এই নির্মাতা। শুরুতে বিষয়টি কারও নজরে না এলেও পরদিন ভোরে তার মৃত্যুর খবর জানা যায়। খবর পেয়ে ভারসোভা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করছে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ষড়যন্ত্র বা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রের পাশাপাশি সঞ্জয় গুপ্তের দীর্ঘদিনের সহকর্মী ও নির্মাতা মিলাপ জাভেরি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নির্মাতা অশোক পণ্ডিতও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ব্যক্তিগত জীবনে অনু লেখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সঞ্জয় গুপ্ত। একসময় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটলেও পরে আবার একসঙ্গে জীবন শুরু করেন তারা।
নিজের ২৫ বছরের চলচ্চিত্রজীবনকে সাফল্য ও ব্যর্থতার সংমিশ্রণ হিসেবে বর্ণনা করেছিলেন সঞ্জয় গুপ্ত। অতীতের নানা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একাধিকবার তিনি জানিয়েছেন, জীবনের কঠিন সময় পেরিয়ে আবারও ক্যারিয়ারে ঘুরে দাঁড়াতে পেরে তিনি আনন্দিত।
১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর ২০০২ সালে মুক্তি পাওয়া ‘কাঁটে’ তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, লাকি আলী ও মহেশ মাঞ্জরেকারের মতো তারকাদের নিয়ে নির্মিত সিনেমাটি ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি গ্যাংস্টার ও থ্রিলারধর্মী চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার পরিচিতি প্রতিষ্ঠা করে।
‘কাঁটে’র সাফল্যের পর বেশ কিছুদিন ভালো সময় কাটলেও সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে প্রায় চার বছর কাজের বাইরে থাকতে হয় তাকে। এক সাক্ষাৎকারে সঞ্জয় গুপ্ত জানিয়েছিলেন, অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তার সম্পর্ক খারাপ হওয়ার পর বলিউডের প্রায় ৯০ শতাংশ মানুষ তার সঙ্গে কাজ করতে রাজি হননি।
ওই সময় মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। মানসিক অবসাদ কাটাতে খান্ডালার একটি হোটেলে সপ্তাহে চার দিন চাকরি শুরু করেন তিনি। কারণ, তার মনে হয়েছিল চলচ্চিত্রজগতে আর কাজের সুযোগ পাবেন না।
তবে পুত্রসন্তানের জন্মের পর তার জীবনে নতুন করে আশার সঞ্চার হয়। সেই সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেছিলেন, আমি যখন তাকে কোলে নিয়ে ভাবছিলাম আমি ওর জন্য কী রেখে যাব? আমি তো ১৫ বছর বয়স থেকে কাজ শুরু করেছি এবং ২২ বছর বয়সে প্রথম ছবি বানিয়েছি, তাহলে এখন ৪০ বছর বয়সে এসে আমি কেন হাল ছেড়ে দেব?
এরপর প্রযোজক একতা কাপুরের সঙ্গে যোগাযোগ করে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের প্রস্তাব দেন তিনি।
২০১৩ সালে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমার মাধ্যমে দুর্দান্তভাবে ফিরে আসেন সঞ্জয় গুপ্ত। এরপর ২০১৫ সালে ‘জাজবা’ এবং ২০১৭ সালে হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’ নির্মাণ করেন তিনি।
পরবর্তী সময়ে ‘মুম্বাই সাগা’, ‘বিসফট’ ও ‘দ্য মিরান্ডা ব্রাদার্স’-এর মতো চলচ্চিত্রেও কাজ করেছেন এই নির্মাতা। তার আকস্মিক মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত