চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর কচ্ছপিয়া এলাকার স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান মরহুম বেলায়েত হুজুরের প্রতিষ্ঠিত ‘দারুসুন্নাহ হাসনাইনীয়া মাদ্রাসা ও এতিমখানা ওলীলা বোর্ডিং’-এর শিক্ষার্থীরা এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শশীভূষণ ও দক্ষিণ আইচা—এই দুই থানার আওতাধীন মাদরাসাগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে সর্বমোট ২৮টি পুরস্কারের মধ্যে একাই ২৪টি পুরস্কার অর্জন করে গৌরবোজ্জ্বল সাফল্য লাভ করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মাদরাসার খুদে হাফেজ ও শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে স্থানীয় কওমি অঙ্গন, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।
মাদরাসা সংশ্লিষ্টরা জানান, এই অর্জনের পেছনে রয়েছে মাদরাসার মুহতামিম হযরত মাওলানা ক্বারী আবু রায়হান সাহেবের আন্তরিক দিকনির্দেশনা এবং সার্বক্ষণিক তত্ত্বাবধান। পাশাপাশি মাদরাসার নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ হাফেজ মোহাম্মদ আবদুর রহমান, হাফেজ মাহমুদ ওমর ফারুক, হাফেজ মোহাম্মদ আল আমিন, হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকদের নিরলস মেহনত, ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই শিক্ষার্থীরা এই সোনালী সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
সাফল্যের পর অভিব্যক্তি প্রকাশ করে মাদরাসা কতৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মহান আল্লাহর দরবারে শুকরিয়া (আলহামদুলিল্লাহ) আদায় করেন। তারা বলেন, কোরআনে কারিমের সাথে এই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের গভীর সম্পর্কের বরকতেই এমন ঈর্ষণীয় ফলাফল এসেছে। তারা মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত