শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান' (এসআরবি-৮) এর নেতৃত্বে নোয়াখালী থেকে গ্রেফতার হলো "ক্লুলেস" হত্যা মামলার এক আসামী। বৃহস্পতিবার (২২ শে অক্টোবর) এক সংবাদ ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন মাদারীপুর এসআরবি-৮ (সিপিসি-৩) এর কমান্ডিং অফিসার (সিও) স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির । এসময় তার সাথে ছিলেন মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ। সংবাদ ব্রিফিং থেকে জানা যায়, গাজীপুর জেলার কোনাবাড়ী থানার দেউলিয়া বাড়ী এলাকার মরহুম আলী তালুকদারের পুত্র ও গাজীপুরের খোলাপাড়া সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষক আবুল বাশার (৩৯) গত ১৮ই অক্টোবর/'২৬ তারিখে নিজ বাসা থেকে বের হবার পরে নিখোঁজ হন এবং তার সাথে পরিবারের সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক পর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রী ও স্বজনদের কাছে মারধর ও আহতের দৃশ্য পাঠিয়ে চিকিৎসার খরচ বাবদ বিকাশে টাকা দাবি করা হয়। তাতে পরিবারের সন্দেহ হলে তারা আইন-শৃঙ্খলা বাহিনী ও থানার স্মরণাপন্ন হন। পরবর্তীতে এর সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সদস্যরা। পাশাপাশি ছাঁয়া তদন্ত শুরু করে এসআরবি-৮ মাদারীপুর ক্যাম্প। এক পর্যায়ে মাদারীপুর এসআরবি-৮ ক্যাম্পের আওতাধীন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের একটি হোটেল থেকে (২০ অক্টোবর) আবুল বাশারের মৃতদেহ উদ্ধার করা হলে নিহতের ভাই বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এর সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে আইন-শৃঙ্খলা বাহিনী ও এসআরবি'র বিশেষ টিম। অবশেষে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে "ক্লুলেস" এই হত্যাকান্ডের খুনী আসামী সনাক্তে স্বল্প সময়ের ব্যবধানে মাদারীপুর এসআরবি-৮ সক্ষম হলে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আফুলশী মিয়া বাড়ীর ছালেহ আহম্মেদের পুত্র ও প্রকৃত খুনী আতাউর রহমান (৫৮)-কে নোয়াখালী এসআরবি-১১ (সিপিসি-৩) এর সহযোগিতায় উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতারে সক্ষম হন। তার সাথে এ হত্যাকান্ডে আর কারা জড়িত ছিলো তার তথ্য উদঘাটনেরও চেষ্টা করছে এসআরবি-৮ মাদারীপুর ক্যাম্প। এছাড়া পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত