আন্তর্জাতিক ডেস্কঃ
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন। সোমবার (১৯ অক্টোবর) শাবওয়া প্রদেশের আল-আলম সামরিক ঘাঁটিতে নতুন নিয়োগ পাওয়া সেনাদের প্রশিক্ষণ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, প্রশিক্ষণ মাঠে সেনারা শারীরিক কসরতে ব্যস্ত থাকার সময় একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ঘাঁটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। শুরুতে হামলায় ১৮ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫৩ জনে দাঁড়ায়।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি। তিনি অভিযোগ করেন, সামরিক সংঘাতে সুবিধা করতে না পেরে হুথি বিদ্রোহীরা এখন নতুন নিয়োগ পাওয়া তরুণ সেনাদের লক্ষ্যবস্তু করছে। এ হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি-সমর্থিত সেনাদের ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তু।
দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনে নতুন করে সহিংসতা বাড়ছে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরকে কেন্দ্র করে উত্তেজনা এবং সরকারি বাহিনীর ‘ডন অব ইয়েমেন’ অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর মধ্যেই সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী এ হামলার ঘটনা ঘটল।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত