ক্রীড়া ডেস্কঃ
মাত্র ২৪ রানে জিম্বাবুয়ের তিন উইকেট তুলে নিয়েও শেষ পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ। প্রতিপক্ষ ৫০ ওভারে ২৭১ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ১৭২ রানে। আবুধাবিতে এই হারের জন্য ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন পেসার তাসকিন আহমেদ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, এই কন্ডিশনে ২৭২ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল। কিন্তু ব্যাটিংয়ে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দল। তার ভাষ্য, ‘জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। এই কন্ডিশনে আমাদের আসলে তাড়া করা উচিত ছিল। আমরা আসলেই ভালো খেলিনি।’
বাংলাদেশের ইনিংসে সৌম্য সরকার ও তানজিদ হাসানের উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেননি ব্যাটাররা। নবম উইকেটে তাসকিন ও রিশাদ হোসেনের ২৬ বলে ৩২ রানের জুটিই ছিল উল্লেখযোগ্য।
তাসকিনের মতে, একটি ভালো জুটি গড়তে পারলেই ম্যাচের চিত্র বদলে যেতে পারত। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেত। বোলিংয়ে ধারাবাহিকতা আগের চেয়ে বেড়েছে। ব্যাটারদেরই আজ জেতানো উচিত ছিল, কিন্তু পারেনি।’
ব্যাটারদের দক্ষতা নিয়ে প্রশ্ন না তুললেও চাপের মুখে দল হিসেবে ভেঙে পড়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন এই পেসার। তার মতে, বড় দল হয়ে উঠতে হলে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার সক্ষমতা বাড়াতে হবে।
তাসকিন বলেন, ‘স্কিল সবারই আছে। প্রতিটি ব্যাটার প্রমাণ করেছে, তারা ভালো ব্যাট করতে পারে। কিন্তু চাপের মুখে আমরা দল হিসেবে খুব দ্রুত ভেঙে পড়ি। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
হতাশার মধ্যেও ঘুরে দাঁড়ানোর আশা ছাড়ছেন না তাসকিন। সামনে থাকা শেষ ম্যাচে ভালো পারফরম্যান্স করে ফাইনালে ওঠার লড়াইয়ে ফিরতে চায় বাংলাদেশ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত