ষ্টাফ রিপোর্টারঃ
ফ্যামিলি কার্ড চালুর ফলে তালাকের ঘটনা বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তাঁর মতে, মায়েদের নামে এ কার্ড দেওয়ার মাধ্যমে তাঁদের আর্থিকভাবে শক্তিশালী করা হয়েছে। সরকারের ভালো উদ্যোগগুলো সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে তুলে ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন চিফ হুইপ।
ফ্যামিলি কার্ডের প্রসঙ্গ তুলে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে তাঁদের শক্তিশালী করেছেন। এ কার্ডের সুবিধা মায়েরাই ভোগ করবেন বলে জানান তিনি।
তালাক বন্ধ হওয়ার বিষয়ে চিফ হুইপ বলেন, ফ্যামিলি কার্ড চালুর ফলে দুই সন্তানসহ স্ত্রীকে তালাক দেওয়ার প্রবণতা বন্ধ হয়েছে। তাঁর ভাষ্য, সংসারের আর্থিক সুবিধা স্ত্রীর হাতে থাকায় স্বামীকে তাঁর কাছে ফিরে আসতে হবে।
সরকারের উদ্যোগগুলো সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের কাজ ভালো হলে তা বড় করে প্রচার করা উচিত। ভালো উদ্যোগগুলোর কথা মানুষকে বারবার মনে করিয়ে দেওয়ারও অনুরোধ জানান তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে চিফ হুইপ বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তা দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব হতো। এ ছাড়া সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান হলো, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’এই নীতিতে দেশ পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন চিফ হুইপ।
সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত