ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর শহরের কুলপদ্দী এলাকায় আয়োজিত বাণিজ্য মেলায় প্রকাশ্যে লটারি আয়োজন ও বিভিন্ন এলাকায় ঘুরে-ঘুরে মাইকিং করে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। এ অবস্থায় মেলার কার্যক্রম তদন্ত, লটারি ও টিকিট বিক্রির বৈধতা যাচাই এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রবিবার (৪, অক্টোবর) দুপুরে এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন উক্ত ব্যবসায়ী সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাওলাদার (কাওসার)। আবেদনে মেলার অনুমোদন ও শর্তাবলি যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনে মেলাটি স্থগিত বা বন্ধ করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চেম্বারের আবেদনে বলা হয়, শহরের কুলপদ্দী মডেল ক্লাবের উদ্যোগে আয়োজিত বাণিজ্য মেলাটি জেলা প্রশাসনের অনুমোদনে চলছে বলে তারা জানতে পেরেছেন। তবে মেলায় প্রকাশ্যে লটারির আয়োজন এবং মাদারীপুরের বিভিন্ন এলাকায় যানবাহনে মাইকিং করে লটারির টিকিট বিক্রির অভিযোগ পাওয়া গেছে এবং সরেজমিনেও তা' বিক্রি করতেও দেখা যাচ্ছে। এসব কার্যক্রমের বৈধতা ও অনুমোদনের শর্তের সঙ্গে সামঞ্জস্য রয়েছে কিনা- তা' তদন্তের দাবি জানিয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দের সংগঠনটি। আবেদনে আরও উল্লেখ করা হয়, এ ধরনের মেলার কারণে স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন এবং পাশাপাশি লটারি ও টিকিট বিক্রির কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। এ কারণে বিষয়টি শুধু ব্যবসায়িক স্বার্থ নয়, জনস্বার্থ ও আইনশৃঙ্খলার অবনতি হওয়ার দৃষ্টিকোণ থেকেও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান করা হয়। এছাড়াও, অনুমোদনপত্র ও সংশ্লিষ্ট শর্ত যাচাই, সরেজমিন তদন্ত এবং কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মেলায় জনসাধারণের চলাচল, নিরাপত্তা, শব্দদূষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো আবেদনে চেম্বার আরও জানায়, মেলাটি বন্ধ বা স্থগিত রাখার বিষয়ে এর আগে ২৩ ও ২৪ আগস্ট/'২৬ ইং তারিখে লিখিতভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। পূর্ববর্তী আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা লিখিতভাবে জানানোরও অনুরোধ জানানো হয়েছে। মাদারীপুরের ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত