বদদগাছী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে পলাশ হোসেন (৩৫) নামের এক স্থানীয় যুবদল নেতার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। চিকিৎসা নেওয়ার পরও জলাতঙ্কে আক্রান্ত হয়ে তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে নিজ এলাকায় বাঁশ কাটতে গিয়ে হঠাৎ শেয়ালের আক্রমণের শিকার হন পলাশ হোসেন। শিয়ালের কামড়ে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের প্রতিষেধক (ভ্যাকসিন) প্রদান করা হয়।
তবে ঘটনার ১২ দিন পর তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাঁকে পুনরায় নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরে জলাতঙ্কের তীব্র উপসর্গ দেখা দিলে চিকিৎসকেরা দ্রুত তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
যুবদল নেতা পলাশের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে সঠিক সময়ে প্রতিষেধক বা ভ্যাকসিন নেওয়ার পরও কীভাবে পলাশ জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেলেন—তা নিয়ে স্থানীয় জনগণের মনে চরম সংশয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত