ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
শুক্রবার (২ অক্টোবর) সকালে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল এসিস্ট্যান্স (ইচ্ছা) আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম. মুস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, রাজারবাগ পুলিশ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. খুরশেদ আলম ভূঁইয়া জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল রাজ্জাক ভূঁইয়া হিরা, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান, ঢাকা উত্তরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম তাঁরা এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল এসিস্ট্যান্সের আহ্বায়ক ডা. মো. আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম সেলিম।
আয়োজকরা জানান, ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল এসিস্ট্যান্স (ইচ্ছা) শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত