সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের অগ্রাধিকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলেও নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও বিবেচনায় নেওয়া হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের গণমাধ্যম কেন্দ্রে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সালাউদ্দিন আহমদ জানান, আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য জোর প্রচেষ্টা চলছে। এরপর ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় থেকে সংশোধনী বিল প্রণয়ন করা হবে।
তিনি বলেন, সংবিধানের ৮ অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনরায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য, এটি নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ।
গণভোট প্রসঙ্গে কমিটির আহ্বায়ক বলেন, সুপ্রিম কোর্টের রায়ে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার পর সংবিধানের ১৪২ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত হয়েছে। সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এসব ক্ষেত্রে সংশোধনী আনা হলে সংসদে বিল পাসের পর রাষ্ট্রপতির অনুমোদনের আগে সাংবিধানিক গণভোটের প্রয়োজন হবে বলে জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষায় গণভোটের প্রস্তাব প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কোনো সংসদ যাতে সহজে এই ব্যবস্থা বাতিল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষেত্রেও গণভোটের বাধ্যবাধকতা রাখার প্রস্তাব করা হয়েছে।
সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, কমিটির প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে সংসদে দেওয়ার লক্ষ্য রয়েছে। এরপর আইন মন্ত্রণালয় সংশোধনী বিল তৈরি করবে এবং আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে তা উত্থাপনের পরিকল্পনা রয়েছে। সংসদে আলোচনা ও প্রয়োজনীয় সংশোধন শেষে বিল পাস হলে যেসব বিষয়ে সাংবিধানিকভাবে গণভোটের প্রয়োজন হবে, সেসব বিষয়ে ভোট আয়োজনের মাধ্যমে সংশোধন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত