কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গাঘোনা বড় রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মো. সালাম (২৬) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর বাসিন্দা। তিনি মৃত দিল মোহাম্মদের ছেলে।
৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত টহলের সময় বালতি হাতে জেলের ছদ্মবেশে মিয়ানমার দিক থেকে বাংলাদেশে প্রবেশকারী এক ব্যক্তিকে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করেন সালাম। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান।
এ সময় তার হাতে থাকা বালতির ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চার কার্টনে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত