সিরাজগঞ্জের কাজিপুরের শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সরকার ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর পর্যন্ত এসব কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা অভিযান শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিপন আহসান ঋতু। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম শুধু এক দিন বা এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নিজেদের সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত শিক্ষাপ্রতিষ্ঠান ও এর চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সাথে নিজ নিজ বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখার বিষয়েও সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ (বি. এ. এম. এড)-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং গণসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত