বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন এক ব্যক্তি এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর সিপিএসসি বগুড়া।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন গাবতলীর ধোড়া পূর্বপাড়ার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. রাঙ্গা (৪৫), বগুড়া সদরের হাজরাদিঘী এলাকার মো. নাজু মিয়ার ছেলে মো. রাজিব উদ্দিন (২৫) এবং নিশিন্দারা মধ্যপাড়ার মো. রমজান আলীর ছেলে মো. ফজলে রাব্বী ওরফে রাব্বী (২৭)।
এস,আর,বি-১২-এর দেওয়া তথ্য অনুযায়ী, গাবতলী থানায় দায়ের করা ট্রান্সফরমার চুরি মামলার তদন্তে রাঙ্গার নাম আসে। গত ১৩ মে উষ্ণুরখী উত্তরপাড়া এলাকায় একটি সেচ প্রকল্পে স্থাপিত তিনটি ১০ কেভি ট্রান্সফরমারের মধ্যে দুটি চুরি হওয়ার ঘটনায় মামলাটি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গার অবস্থান শনাক্ত করে শুক্রবার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে বগুড়া সদর থানার মোহাম্মদ আলী হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাজিব উদ্দিনকে ভোর ৬টার দিকে হাজরাদিঘী-বলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
অপর অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফজলে রাব্বী ওরফে রাব্বীকে সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত