আন্তর্জাতিক ডেস্কঃ
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ জেলা থেকে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার দিকে অগ্রসর হচ্ছে হুতি বিদ্রোহীরা। তাদের এই অগ্রযাত্রা ঠেকাতে মোখার কাছের আল-ওয়াজিয়াহ এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় আল-ওয়াজিয়াহ এলাকায় সৌদি যুদ্ধবিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, পশ্চিম তাইজ থেকে মোখার দিকে অগ্রসর হচ্ছে হুতি যোদ্ধারা।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার যেকোনো মূল্যে হুতিদের এই অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করছে বলে জানিয়েছে আলজাজিরা।
হুতিদের প্রধান লক্ষ্য মোখা বন্দরনগরী নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। এর মাধ্যমে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিতে নিজেদের কর্তৃত্ব আরও শক্তিশালী করতে চায় তারা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরব নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। এর জবাবে হুতিরা পাল্টা নৌ-অবরোধ কার্যকর করার চেষ্টা করছে। এর ফলে সৌদি আরবের কোনো জাহাজ যাতে বাব এল-মান্দেব প্রণালি দিয়ে লোহিত সাগরে প্রবেশ বা সেখান থেকে বের হতে না পারে, সেটিই তাদের লক্ষ্য।
এরই মধ্যে সৌদি আরবের ভূখণ্ডেও হামলা চালিয়েছে হুতিরা। বিশেষ করে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব হামলায় সৌদি আরবে ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রিয়াদের দাবি, আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ফলে হুতিদের অগ্রযাত্রা এবং পাল্টাপাল্টি হামলাকে ঘিরে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত