বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সদর উপজেলার সাবগ্রামের পালপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি খাদ্যপণ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে তন্ময় ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে বেকারি পণ্য তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে উল্লেখ না করা, ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং ঘোষণা ছাড়াই স্যাকারিন ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব অনিয়ম দণ্ডনীয় হওয়ায় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা নিজেদের অপরাধ স্বীকার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান চলাকালে জব্দ করা প্রায় ১০ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ ও স্যাকারিন জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সার্বিক সহযোগিতা করে র্যাব-১২, বগুড়া ও জেলা পুলিশের একটি দল।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত