বিশেষ প্রতিনিধিঃ
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ও সরকারকে কটূক্তি করার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
এ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে রাতভর বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা-পুলিশ সিফাত আব্দুল্লাহকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ওসি মো. গোলাম রব্বানী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রচার করে আসছিলেন।
সর্বশেষ বৃহস্পতিবার তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভিডিওতে সিফাত আব্দুল্লাহ দাবি করেন, চলতি মাসে তার বাসার বিদ্যুৎ বিল চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত উল্লেখ করার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ দেশের বিভিন্ন বিষয় নিয়েও মন্তব্য করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি গাছা থানা-পুলিশকে জানান। পরে পুলিশ রাতেই তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গাছা থানার ওসি মো.গোলাম রব্বানী জানান, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে আটক ওই তরুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত