স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজীপুরে আমন ধানের সবুজ চারা এখন কৃষকদের মাঝে আশার আলো ছড়াচ্ছে। ভালো ফলন ও কাঙ্ক্ষিত দামের প্রত্যাশায় সোনালি ফসল ফলাতে মাঠে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে উপজেলা জুড়ে পুরোদমে শুরু হয়েছে আমন ধানের চারা রোপণ। বর্তমানে জমি তৈরি ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকদের আশা অনুকূল আবহাওয়া, ফসলের নিবিড় পরিচর্যা এবং সময়মতো সার ও কীটনাশক প্রয়োগ করা গেলে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হবে।
কাজীপুরের মাঠে মাঠে এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় চোখে পড়ছে সবুজে ঘেরা চারা রোপণের মনোরম দৃশ্য। একদিকে এই সবুজ প্রকৃতিকে যেমন প্রাণবন্ত করেছে, অন্যদিকে কৃষকের মুখেও ফোটাচ্ছে আশার আলো। মাঠে এখন উৎসবমুখর পরিবেশ; কেউ জমিতে চারা রোপণ করছেন, কেউবা ব্যস্ত জমি চাষে।সাধারণত শ্রাবণের প্রথম সপ্তাহ থেকে শুরু করে ভাদ্র মাসের মধ্যে কৃষকেরা আমনের চারা রোপণ করে থাকেন। আর এখনই আমন ধান রোপণের সবচেয়ে উপযুক্ত সময়। গত কয়েক দিনের বৃষ্টি আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে অপেক্ষাকৃত নিচু জমিগুলোতে চাষের উপযোগী পর্যাপ্ত পানি জমেছে। এই সুযোগে চারা রোপণের জন্য দ্রুত জমি প্রস্তুত করছেন স্থানীয় কৃষকেরা।সোনালি ফসল ফলানোর লক্ষ্য নিয়ে মাঠে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন তারা। কৃষকদের আশা, নিবিড় পরিচর্যার মাধ্যমে মাঠে মাঠে আশানুরূপভাবে বেড়ে উঠবে আমন ধান। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সোনামুখী, চালিতাডাঙ্গা, গান্ধাইল, নাটুয়ারপাড়া, মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নে সবচেয়ে বেশি আমন ধানের আবাদ হচ্ছে। এ ছাড়া কাজীপুর পৌরসভা, মাইজবাড়ী, খাস রাজবাড়ী,কাজীপুর সদর ও নিশ্চিন্তপুর ইউনিয়নেও পুরোদমে আমন চাষ করছেন কৃষকেরা।
কাজীপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১১ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার মেট্রিক টন। এর মধ্যে এ পর্যন্ত সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে আবাদ অর্জিত হয়েছে। বন্যা না হলে ভাদ্র মাসের মধ্যেই চারা রোপণ শেষ হবে।আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ধানের উৎপাদন ভালো হবে। সময়মতো বৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকরা ধানের চারা রোপণ শুরু করেছেন। চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামের কৃষক আব্দুস সামাদ জানান, এ বছর তিনি ৯ বিঘা জমিতে আমন ধান রোপণের প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে ৬ বিঘা জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে এবং বাকি জমিগুলো প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার খরচ কিছুটা বেশি।
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে চলতি মৌসুমে পুরোদমে আমন ধানের চারা রোপণ শুরু হয়েছে। এ বছর উপজেলায় ১১ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে ৫৫ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। তিনি আরও জানান, আমনের বাম্পার ফলন নিশ্চিত করতে কৃষি কার্যালয় থেকে চাষিদের সময়মতো সেচ দেওয়া এবং সরকারি প্রণোদনার সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত