আন্তর্জাতিক ডেস্কঃ
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ মার্কিন ডলার জরুরি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায়, ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতেই এ সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবারের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন এলাকায় দুর্যোগের পর এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩ হাজার ৯১৬ জন।
দুর্যোগের প্রভাব পড়েছে চীনের অংশেও। সেখানে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে নেপালে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এ অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অনুদানের বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বাংলাদেশ সরকারের দেওয়া এ অনুদান নেপালের দুর্যোগকবলিত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত