গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পাট জাগ দেওয়ার পর নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়া মিজানুর রহমান (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি এলাকার কুমার নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিবিরকান্দী গ্রামের মৃত রশীদ খলিফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) দুপুরে বাড়ির পাশের কুমার নদীতে পাট জাগ দেওয়ার পর সাঁতার কেটে নদী পার হওয়ার চেষ্টা করেন মিজানুর রহমান। এ সময় হঠাৎ পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়রা নদীতে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
রোববার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি এলাকায় কুমার নদীতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।