শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর- মাদারীপুর কার্যালয়। বৃহস্পতিবার (১৩ ই আগষ্ট) উক্ত কার্যালয়ের উপ-পরিচালক (এডি) সুচন্দন মন্ডলের নেতৃত্বে কৃষি বিপনন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ জুয়েল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের প্রসিদ্ধ ছিলারচর বাজারের 'মেসার্স হামিম মেডিকেল হলে' কয়েকটি আইটেমের মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় প্রমাণিত হলে উক্ত প্রতিষ্ঠানকে নগদ ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, একই অভিযানের সময় ডিএপি সার প্রতিবস্তা ১০৫০/-টাকার স্থলে ১৬০০/- টাকা বিক্রি করার অপরাধে ফরাজী এন্টারপ্রাইজকে নগদ ২৫হাজার টাকা জরিমানা করে উক্ত অধিদপ্তর। এতে উক্ত বাজারের ক্রেতা-সাধারণ-ভোক্তারা স্বস্তি প্রকাশ করে মাদারীপুর ভোক্তা অধিকার অধিদপ্তরকে অভিনন্দন জানিয়ে আরও অভিযান পরিচালনার অনুরোধ জানিয়েছেন।