আন্তর্জাতিক ডেস্কঃ
ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে হামলার অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। হুথি-সমর্থিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, শুক্রবার গভীর রাতে চালানো এই হামলার কঠোর জবাব দেওয়া হবে এবং এর পরিণতি সৌদি আরবকে ভোগ করতে হবে।
শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হুথি-সমর্থিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, হোদাইদাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে সৌদি আরব নতুন করে উত্তেজনা বাড়ানোর পথ বেছে নিয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক পরিস্থিতিতে ‘উত্তেজনার জবাবে আরও উত্তেজনা’ সৃষ্টি করার নীতি গ্রহণ করেছে রিয়াদ।
হুথিদের নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, হামলায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষের কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পাশাপাশি কামারান দ্বীপেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এতে অন্তত একজন নারী আহত হয়েছেন।
অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, হোদাইদাহ বন্দরের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিতে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।
হোদাইদাহ বন্দর উত্তর ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়েই অধিকাংশ বাণিজ্যিক পণ্য এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা ওই এলাকায় প্রবেশ করে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বর্তমান উত্তেজনার জন্য হুথিদের দায়ী করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা ‘বেপরোয়া ও কাপুরুষোচিত’ কর্মকাণ্ড। তিনি আরও জানান, হুথিদের শত্রুতামূলক তৎপরতা অব্যাহত থাকলে জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা গ্রহণ চালিয়ে যাবে।
উল্লেখ্য, কয়েক দিন আগে লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করে হুথিরা। তাদের দাবি, ঘোষিত নৌ-অবরোধ অমান্য করায় এসব জাহাজকে লক্ষ্য করা হয়েছিল। এতে অন্তত একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।
গত ২০ জুলাই থেকে লোহিত সাগরের ওই নৌপথে অবরোধ কার্যকর করার ঘোষণা দেয় হুথিরা। এর আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তারা সৌদি আরবকে দায়ী করে। যদিও রিয়াদ-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ওই হামলার দায় স্বীকার করে জানায়, অনুমতি ছাড়াই একটি ইরানি বিমান অবতরণের চেষ্টা করায় অভিযান পরিচালনা করা হয়েছিল।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ২০২২ সালে কার্যকর হওয়া অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর যে উত্তেজনা প্রশমনের পরিবেশ তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলো সেই পরিস্থিতির অবসান ঘটিয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড