রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মোঃ ইকবাল হাসান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারইল গ্রাম সংলগ্ন মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল হাসান রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার রামজীবনপুর এলাকার মোঃ সাইদুল ইসলাম ও হাসনা হেনা দম্পতির ছেলে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর একটি বিশেষ টিম গোদাগাড়ী মডেল থানাধীন দেওপাড়া ইউনিয়নের সারইল গ্রামে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয়। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
বাসটির পেছনের সারির মাঝের সিটে বসা ইকবাল হাসানের কাছ থেকে একটি অ্যাশ রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে সুকৌশলে কাপড়ে মোড়ানো ও স্কচটেপে প্যাঁচানো ১৫টি স্বচ্ছ পলিথিন প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ বাদামী বর্ণের হেরোইন ছিল। এ সময় তাঁর কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এ১৬ মডেলের স্মার্টফোনও জব্দ করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদি হয়ে আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক ৮(গ) ও ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, বিপুল পরিমাণ এই হেরোইন চালানের নেপথ্যে থাকা মূল চক্র বা 'গডফাদার'দের চিহ্নিত করতে এবং তাদের আইনের আওতায় আনতে জোরদার তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড