বদলগাছী প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় ফুটবল খেলা ও পিকনিকের প্লেট হিসেবে ব্যবহারের জন্য কলার পাতা কাটা নিয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের রডের আঘাতে মীর ইসমাইল হোসেন (৮৩) নামের এক বৃদ্ধ বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এজহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামে এই মর্মান্তিক মারধরের ঘটনা ঘটে।
নিহত মীর ইসমাইল হোসেন শেরপুর গ্রামের মৃত ইয়াসিন আলী মীরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ছোট ভাই মোশারফ হোসেনসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সম্প্রতি ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ উপলক্ষে ছেলেপেলে একটি পিকনিকের আয়োজন করে। সেই পিকনিকে ওয়ান-টাইম প্লেটের পরিবর্তে কলার পাতাকে প্লেট হিসেবে ব্যবহারের জন্য কলার পাতা কেটে ব্যবহার করেন তারা। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার সকাল ৮ টায় কলার পাতা কাটা নেয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ছোট ভাই ও তাঁর পরিবারের লোকজনের রডের আঘাতে মীর ইসমাইল (৮৩), তাঁর ছেলে সোহরাব হোসেন (৫৫) এবং স্ত্রী মোমেনা বেগম (৭০) গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন। নওগাঁ থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল রাত ২টার দিকে নওগাঁ জেলার রুবির মোড় নামক স্থানে পৌঁছালে মীর ইসমাইল হোসেন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে এজাহারনামীয় দুই আসামিকে আটক করেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড