বাদল শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া বাজারসংলগ্ন বিআরটিসি ভবনের পাশের নাসির সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা অবশেষে দূর হয়েছে। স্থানীয়দের অভিযোগ এবং বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার তিন দিনের মধ্যেই পানি নিষ্কাশনের উদ্যোগ নেয় উপজেলা বিএনপি, বর্নি ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২০ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে প্রায় ৩০০টি পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে সড়ক প্রশস্তকরণের সময় পূর্বের একটি কালভার্ট অপসারণ বা বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়। ফলে বর্ষা মৌসুম এলেই সড়ক ও আশপাশের এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে সাধারণ মানুষের চলাচল, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং গবাদিপশু পালনসহ দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর নির্দেশনায় পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নেতাকর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পানি চলাচলের পথ উন্মুক্ত করেন, যার ফলে দ্রুত জলাবদ্ধতা দূর হয়।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক এম. মুক্তার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুর ইসলাম, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ওলিউর রহমান খান, পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, সহ-সভাপতি মাসরাফি ইসলাম, বর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন শেখ, যুবদল নেতা শামিম আহমেদ টুটুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
জলাবদ্ধতা নিরসনের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। তাদের ভাষ্য, দীর্ঘ তিন বছর ধরে সামান্য বৃষ্টিতেই এলাকা পানিতে তলিয়ে যেত, যা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করত। দ্রুত উদ্যোগ নিয়ে সমস্যা সমাধান করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা একই ধরনের কার্যকর ও মানবিক উদ্যোগ গ্রহণ করবেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড