আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক :
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজ হওয়ার পর এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের একটি আবাদী জমি থেকে লাল মিয়া (৪০) নামের ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাল মিয়া হামিদপুর গ্রামের বাদশা আলীর ছেলে।
পারিবারিক ও পুলিশ সূ্ত্রে জানা যায়, গত বুধবার (০৮ জুলাই) দুপুর আনুমানিক ১.০০ টার দিকে লাল মিয়া দুটি গরু, ছাতা ও কোদাল নিয়ে বাড়ির অদূরে হামিদপুর মৌজাস্থ গ্রাম পুলিশ চেক পোস্ট ব্রিজ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে নিজের বর্গাকৃত আবাদী জমিতে যান। সেখানে তিনি গরুকে ঘাস খাওয়ানো এবং জমির আইল ছাঁটার কাজ করছিলেন। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও লাল মিয়া আর বাড়িতে ফিরে আসেননি। তবে তার গরু দুটি অন্য গরুর সাথে একাই একাই বাড়িতে ফিরে আসে।
এতে পরিবারের সন্দেহের সৃষ্টি হয় এবং তারা লাল মিয়াকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল আনুমানিক ৮.০০ টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই জমির আইলের পাশে হালকা পানিতে তাকে উপুড় হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহতের বসতবাড়ির উঠানে চৌকির ওপরে থাকা মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ যাবতীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ আহমেদ বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ভিকটিমের পরিবার ও স্বজনরা স্বাভাবিক মৃত্যুর কথা বলে লাশ হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। পরে আমরা মরদেহ পোষ্ট মর্টেমের জন্য নিয়ে এসেছি। পোস্ট মর্টেম শেষে বোঝা যাবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড