মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কৃতী সন্তান, কবি, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং তৎকালীন মৌলভীবাজার মহকুমার প্রথম ছড়াকার মরহুম শেখ নুরুল ইকবালকে স্মরণে এক ব্যতিক্রমধর্মী স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্বঘোষণা অনুযায়ী ঠিক সকাল ১১টায় স্মরণসভার কার্যক্রম শুরু করা হয়, যা অনুষ্ঠানের সময়ানুবর্তিতার প্রতি আয়োজকদের অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার। পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ মাওলানা দিলশাদ আহমদ।
অনুষ্ঠানে মরহুম শেখ নুরুল ইকবালের জীবন, কর্ম ও সাহিত্যকীর্তি নিয়ে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধ পাঠ করেন তরুণ্যের প্রতিকৃতি কবি মিনারা আজমী।
স্মরণসভাটি ছিল নানা দিক থেকে ব্যতিক্রমী। সভাপতির পাশাপাশি মঞ্চে মরহুমের পরিবারের প্রতিনিধিত্ব করে আসন গ্রহণ করেন তাঁর সন্তান মিজানুর রহমান এবং ভাতিজা এখলাছুর রহমান। এতে স্মরণসভায় এক আবেগঘন ও পারিবারিক পরিবেশের সৃষ্টি হয়।
স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, রাজনৈতিক ব্যক্তিত্ব নাজিমুদ্দিন নজরুল, অধ্যক্ষ মো. মহসিন, সাংবাদিক আনহার আহমদ সমশাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, কবি বদরুল আমিন চৌধুরী সুফি, সাংবাদিক শাহ নেওয়াজ সুমন, মশাহিদ আহমদ ও বদরুল হাসান জোসেফ , সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ রুহুল আমিন, শিক্ষক শেখ ইশতিয়াক আহমদ, কবি জুনেদ জামান, হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক খছরু চৌধুরী, ব্যবসায়ী আব্দুল হান্নান, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব দেওয়ান মোনাকিব চৌধুরী এবং মরহুমের ছাত্র মো. সালেহ আহমদসহ আরও অনেকে।
অনুষ্ঠানের আরেকটি ব্যতিক্রমী দিক ছিল সময়ানুবর্তিতার প্রতি বিশেষ গুরুত্বারোপ। প্রত্যেক বক্তার জন্য দুই মিনিট সময় বরাদ্দ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত, সুসংহত ও মূল্যবান বক্তব্য উপস্থাপন করায় শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুলের হাতে ‘সময়কে সম্মান, ব্যক্তিত্বের পরিচয়’ শীর্ষক বিশেষ ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এছাড়া লন্ডন বইমেলা-২০২৬-এ প্রকাশিত ম্যাগাজিন ‘স্বচিন্তা’-এর একটি কপি মিরপুর গ্রামের আরেক কৃতী সন্তান ও মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসানের হাতে সম্পাদক ও প্রকাশনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তুলে দেন কবি মিনারা আজমী।
মরহুম শেখ নুরুল ইকবালকে নিয়ে এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধটি জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’-এর ১ জুলাই সংখ্যায় প্রকাশিত হয়। অনুষ্ঠানে পত্রিকাটির মুদ্রিত কপি উপস্থিত অতিথিদের হাতে তুলে দেন মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। একই সঙ্গে প্রবন্ধটির ফ্রেমবন্দি একটি কপি মরহুম শেখ নুরুল ইকবালের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে মরহুম শেখ নুরুল ইকবালের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীদের আপ্যায়নের জন্য নাস্তার আয়োজন করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড