ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দক্ষিণ পৌরতলা এলাকায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে চালের পোকা মারার কীটনাশক সেবন করে অন্তর মিয়া (২১) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।
রোববার (২৮ জুন) বিকেলে ময়নাতদন্ত শেষে সদর মডেল থানা পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে শনিবার (২৭ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অন্তর মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর মাইজহাটি এলাকার কামাল মিয়ার ছেলে। তিনি বাবার দ্বিতীয় স্ত্রী আসমার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৌরতলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অন্তর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পারিবারিক কলহ ও সৎ মায়ের সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি গত তিন-চার মাস ধরে নিয়মিত বাড়িতে যেতেন না। শুক্রবার দুপুরে বাসায় গিয়ে সৎ মায়ের কাছে খাবার ও কিছু টাকা চাইলে তা না পেয়ে অভিমান করে চলে যান। পরদিন শনিবার দুপুরে আবার বাসায় গেলে একই পরিস্থিতির মুখোমুখি হন। একপর্যায়ে অভিমান করে কেরি পোকার মারার কীটনাশক সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার বড় বোন সুনিয়া তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই হৃদয় জানান, তাদের জন্মদাত্রী মা ঘাটুরা এলাকায় নানাবাড়িতে থাকেন। অন্তর মাঝে মধ্যে সেখানে যেতেন। তবে বাবার দ্বিতীয় স্ত্রী আসমার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না তারপরও অন্তর এখানেই থাকতেন৷ এসব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক অশান্তি লেগে থাকত।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড