শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে রাজৈর উপজেলার সাধুরব্রীজে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের সেনাবাহিনী ও পুলিশের চাকুরীচ্যূত ২ জন সহ মোট ৩ জন ছিনতাইকারী ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার হয়েছে। ২৭ জুন (শনিবার) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গায়েন্দার এলাকার তৈয়ব মোল্লার পুত্র চাকুরীচ্যুত সেনা সদস্য সুজন মোল্লা (২৮), একই উপজেলার খান্দারপাড়া গ্রামের ফারুক মিয়ার পুত্র চাকুরীচ্যূত পুলিশ সদস্য লিমন মিয়া (৩৫) ও সাকেম মুন্সী ওরফে সেকেন এর পুত্র সাকায়েত মুন্সী। পুলিশসূত্র ও ঘটনার বিবরণে জানা যায়, বিগত ১২ ই জুন/'২৬ তারিখে দুপুরে পুলিশ পরিচয়ে রাজৈর থানাধীন সাধুরব্রীজের পূর্ব ঢালে জনৈক ইজিবাইক চালকের ইজিবাইক ভাড়া নেয়ার কথা বলে অজ্ঞাতনামা এক ব্যক্তি ইজিবাইকে ওঠে কাঙ্খিত গন্তব্যে যেতে বললে চালক সরল বিশ্বাসে তাকে নিয়ে রাজৈর থানাধীন সানেরপাড় মোড়ে এলে অজ্ঞাতনামা আরেক ব্যক্তি পুলিশ পরিচয়ে ইজিবাইকের নিকট আসে এবং ভেতরে থাকা যাত্রীবেশী পুলিশ পরিচয়দানকারী অপরব্যক্তি সমেত আসামী ধরতে অভিযানে রাজৈর থানাধীন মজুমদারকান্দি যেতে বলে। এসময় তারা কৌশলে চালককে ইজিবাইক থেকে নেমে হেটে সামনে যেতে বলে। চালক সরল বিশ্বাসে সামনে গেলে এই সুযোগে মটরসাইকেল যোগে তাদের সহযোগী আরেকজন ইজিবাইকের নিকট এসে তাদের সঙ্গী একজনকে মটরসাইকেলে উঠিয়ে নেয় এবং অপরজন ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। পরে চালক খোঁজাখুঁজি করে তার ইজিবাইকটি এবং সেই লোকজনদের না পেয়ে রাজৈর থানায় এতদসংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চাঞ্চল্যকর এই মামলার গুরুত্ব বিবেচনা ও পুলিশের ভাবমূর্তি রক্ষাকল্পে মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান অধিক গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত ও সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অধিনস্ত পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এরই প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল মোঃ সালাউদ্দিন কাদের এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইউনুচ মোল্লা সহ রাজৈর থানা ও ডিবি পুলিশের টিম সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লেখিত আসামীদের নিখুঁতভাবে সনাক্ত ও গ্রেফতারে সক্ষম হন, যা' ২৭ জুন/'২৬ তারিখ পুলিশের মিডিয়া সেল প্রেস রিলিজ করে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্ব ক্রাইম এন্ড অবস্) ফারিয়া রফিক ভাবনা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড