নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে আটক ব্যক্তি হলেন গাবতলী পূর্বপাড়া এলাকার মো. নুরু মণ্ডলের ছেলে মো. মাসুদ (৩৫)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাসুদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমরা গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও বলেন, “মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে ডিএনসির অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
ডিএনসি বগুড়া জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড