রাজশাহী ব্যুরো:
বগুড় সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১টার দিকে বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও কুটুবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় ৯০ গ্রাম গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নন্দীগ্রাম উপজেলার কড়ইইাট এলাকার মো. একরাম হোসেনের ছেলে মো. শামীম হোসেন (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে মো. গোলাম মোস্তফা (২০) এবং বগুড়া সদর উপজেলার কুটুবাড়ী এলাকার মো. আলমগীরের ছেলে মো. আরিফ (২১)।
ভ্রাম্যমাণ আদালত ১নং ও ২নং আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া ৩নং আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো মাদক কারবারি কিংবা মাদকসেবীর জন্য ছাড় নেই। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে ডিএনসি।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। জনগণের সহযোগিতা পেলে মাদকমুক্ত সমাজ গঠন আরও সহজ হবে।”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড