রাজশাহী ব্যুরো:
বগুড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সদর থানাধীন জলেশ্বরীতলা এলাকাস্থ বগুড়া জেলা পরিষদ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী বক্তব্য প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ মে) ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায় পরিচালিত এ কর্মসূচিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। এসময় উপস্থিত সবার মাঝে মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি এবং যুবসমাজের ওপর মাদকের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হয়। পাশাপাশি মাদক থেকে দূরে থাকতে এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ করা হয়।
প্রচার কার্যক্রমে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের দিকে বেশি সম্পৃক্ত করতে পারলে মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে।
জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, বর্তমান সময়ে মাদক সমাজের জন্য অন্যতম বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযানই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। তিনি বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও সচেতনতা গড়ে তুলতে হবে। অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে, যাতে কোনো সন্তান ভুল পথে না যায়।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, বাজার ও জনসমাগমস্থলে এ ধরনের প্রচারণা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড