রাজশাহী ব্যুরো:
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলযোগে গাঁজার চালান ডেলিভারির সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ মে) রাতে নন্দীগ্রাম থানাধীন মড়িয়া সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজার চালান মোটরসাইকেলযোগে বগুড়ার নন্দীগ্রামে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা কার্যালয়, বগুড়ার একটি বিশেষ টিম অভিযান চালায়।
অভিযানকালে মড়িয়া সরদারপাড়া গ্রামের আব্দুল রশিদের ভাড়াকৃত বাড়িতে তল্লাশি চালিয়ে ১ নম্বর আসামি সবুজ আহম্মেদের দখলীয় একতলা ভবন থেকে একটি কালো ট্রাভেল ব্যাগে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত লাল-কালো রঙের একটি নম্বরবিহীন HONDA SHINE SP-125cc মোটরসাইকেল এবং GDL G801 বাটন ফোন ও REDMI-10 অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মড়িয়া সরদারপাড়া এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ সবুজ আহম্মেদ (২১), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারি এলাকার শাহ আলম আলীর ছেলে মোঃ ইয়াছিন আরাফাত (২০) এবং একই এলাকার ইছাহাক আলীর ছেলে মোঃ নাঈম হাসান (২০)।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকা থেকে জেলায় মাদকের প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নন্দীগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড