ষ্টাফ রিপোর্টারঃ
ব্যবসায়ী পার্টনারদের মারধর ও হুমকির মুখে শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সানবান্দা গ্রামের অপূর্ব বাছাড় (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অপূর্ব বাছাড় স্থানীয় হরেন্দ্র বাছাড়ের ছেলে। মৃত অপূর্ব দুই সন্তানের জনক।
অভিযুক্তরা হলেন ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামারখালি বাজারস্থ প্রিয়াংকা সুইটস-এর মালিক বিজয় মিত্র (২৬), সুজন মিত্র, বিজন মিত্র (২৩) এবং আপস মিত্র।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অপূর্ব বাছাড় প্রায় তিন মাস আগে বিজয় মিত্র ও তার ভাইদের সাথে প্রিয়াংকা সুইটস-এ অংশীদার হিসেবে ব্যবসায় শুরু করেন। এই ব্যবসায়িক অংশীদারত্বের জন্য অপূর্ব বাছাড় বিজয় মিত্রকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দেন। কিন্তু পরবর্তীতে বিজয় মিত্র ও তার ভাইয়েরা অপূর্বকে ব্যবসায়িক মুনাফা দিতে অস্বীকার করেন।
টাকার বিষয়ে অপূর্ব বারবার বিজয় মিত্রের কাছে গেলে তাকে টালবাহানা করে সময়ক্ষেপণ করা হয়। অপূর্ব বাছাড় বিজয় মিত্রের কাছে তার পাওনা টাকা ফেরত চান। এতে বিজয় মিত্র ও তার ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে অপূর্বের মা-বাবাকে তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে অপূর্বকে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।
অপমান ও ভীতির কারণে অপূর্ব বাড়িতে ফিরে আসেন। রাতে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতে তিনি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে অপূর্বকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।
অপূর্বের বাবা হরেন্দ্র বাছাড় কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলে সরল মনে ওদের বিশ্বাস করে টাকা দিয়েছিল। কিন্তু ওরা আমার ছেলের টাকাও মেরে দিয়েছে, আবার মারপিট করে হুমকিও দিয়েছে। আমার ছেলেকে ওরা হত্যা করেছে।"
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আতাউর রহমান জানান, এ ঘটনায় অপূর্বের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশের একটি দল সুরহতাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশটি মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও বিচার দাবির দাবি জোরালো হয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড