আলমডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং কৃত্রিম গ্যাস সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জানা গেছে, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আলমডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, কিছু ব্যবসায়ী বেশি লাভের আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে এবং শহরের কয়েকটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রি করা হচ্ছে।
অভিযানের শুরুতেই আলমডাঙ্গা স্টেশন মসজিদ মার্কেটের করীম ট্রেডার্স-এ অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, অভিযানের খবর পেয়ে দোকানের মালিক দোকান বন্ধ করে চলে যান। গ্যাসের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্টেশন মোড়ে মেসার্স আলা উদ্দিন হোটেল-এ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ বিভিন্ন খাবার তৈরি করার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আল মদিনা মিষ্টান্ন ভান্ডার-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে শহরের হাইরোড এলাকায় মেসার্স চন্দনা হোটেল-এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অপরাধে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, পবিত্র রমজান উপলক্ষে বাজারে ভেজাল ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড