রাজশাহী ব্যুরো:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের অভ্যন্তরীণ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডিএনসির জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় গত মাসের সার্বিক কার্যক্রমের পারফরম্যান্স মূল্যায়ন, চলমান মাদকবিরোধী অভিযানের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়।
সভায় জানুয়ারি মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে এএসআই ক্যাটাগরিতে আশরাফ এবং সিপাই ক্যাটাগরিতে আবু সাইদকে শ্রেষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে পুরস্কারের পাশাপাশি মাদকবিরোধী স্লোগান সম্বলিত দেওয়াল ঘড়ি তুলে দেওয়া হয়। কর্মকর্তারা বলেন, দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে, যা বাহিনীর অন্যান্য সদস্যদের আরও উৎসাহিত করবে।
সভায় জানানো হয়, জানুয়ারি মাসে জেলার বিভিন্ন উপজেলায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, আসামি গ্রেফতার এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও জনবহুল এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাদকবিরোধী প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।
সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। কর্মপরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা, সীমান্ত ও আন্তঃজেলা রুটে নজরদারি জোরদার, তথ্যপ্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা শক্তিশালীকরণ এবং জনসচেতনতা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসি আপসহীন। সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে প্রত্যেক সদস্যকে আন্তরিকতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। সমন্বিত ও তথ্যভিত্তিক অভিযানই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।”
তিনি আরও বলেন, পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা অব্যাহত থাকবে এবং যোগ্য ও দায়িত্বশীল সদস্যদের নিয়মিতভাবে স্বীকৃতি প্রদান করা হবে, যাতে বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হয়।
সভায় জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড