রাজশাহী ব্যুরো:
বগুড়ায় কোমরে পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় গাঁজা বহনকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ১ কেজি গাঁজা ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলার শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে অভিযানটি পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি’র জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল মোকামতলা থেকে বগুড়াগামী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি তল্লাশি করে তাদের আটক করে।
ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের কোমরে পলিথিনে মোড়ানো এবং স্কচটেপ দিয়ে শক্তভাবে পেঁচানো অবস্থায় পৃথকভাবে ৫০০ গ্রাম করে মোট ১ কেজি গাঁজা পাওয়া যায়। এছাড়া একজনের কাছ থেকে একটি পুরাতন ‘সিম্ফনি’ বাটন মোবাইল ফোন এবং অন্যজনের কাছ থেকে একটি ‘জিডিএল’ বাটন মোবাইল (সিমসহ) উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার শিমুলবাড়ী দোলাপাড়া এলাকার মো. আবেদ আলী (৪০) এবং একই থানার পূর্ব ফুলমতী যোগীপাড়া এলাকার মো. রাসেল মিয়া (২৮)।
এ ঘটনায় পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেখানেই মাদক পাচারের চেষ্টা হবে, সেখানেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তরুণ সমাজকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, সীমান্তবর্তী ও মহাসড়ককেন্দ্রিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে ধারাবাহিক অভিযান চলবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড