লালমনিরহাট প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে জেলার তিনটি সংসদীয় আসনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলাসহ তিনটি আসনের ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তারা সরঞ্জাম গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। লালমনিরহাটের তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ টহল ও যৌথ মহড়া জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবিকে বিশেষ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
এ ছাড়া দুর্গম চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার ১০৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।
সরঞ্জাম গ্রহণ করতে আসা প্রিজাইডিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, প্রশাসনের সহযোগিতায় সময়মতো কেন্দ্রে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রতিটি উপজেলায় একাধিক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। চরাঞ্চল ও দুর্গম এলাকার কেন্দ্রগুলোর জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড