নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামগ্রিক পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমের সঙ্গে এক ব্রিফিংয়ে ইভারস আইজাবস বলেন, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক। তিনি জানান, ইইউর স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা আজ থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।
ইভারস আইজাবসের ভাষ্য, “নির্বাচনী পরিবেশ সামগ্রিকভাবে ইতিবাচক। কিছু বিষয় নিয়ে আলোচনা ও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে, তবে বড় পরিসরে পরিস্থিতি আশাব্যঞ্জক বলেই মনে হচ্ছে।”
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর বিশেষ গুরুত্ব দেয়। বিশেষ করে নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাকে ইইউ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে বড় একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল মাঠে নামছে। ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক মঙ্গলবার থেকেই নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ‘ইইউ ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ ২০২৬’ এক বিবৃতিতে জানায়, প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করে পর্যবেক্ষক দল পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই এই মিশনের মূল লক্ষ্য।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড